মুখোশে মুখোশে আকাশ টা ছেঁয়ে গেছে,

বৃষ্টির আশায় থাকা ক্ষেতে আগুন ধরিয়ে একটু শান্তি পেলাম,

নিজ হাতে কিছুটা শান্তি পুড়িয়ে শান্ত হলাম।


বুকে প্রেম নিয়ে যুদ্ধক্ষেত্রে আমি যতটা দুর্বল,

তার থেকে বেশি অসহায় তোমার সামনে,

যে ঠোঁটে রবীন্দ্র নজরুলের প্রেমের বাণী ছিল,

তার ঘর-দুয়ার, দেয়ালে দেয়ালে আজ লেনিন।


আহ! কি অসহ্য রোদের তাপ!

সমস্ত শরীর পুড়ে ছাই হবার জোগাড়,

তোমার মিথ্যে কথাগুলো খুব মনে পড়ছে।


আমি তো মিল খুঁজতে যাইনি!

সে তুমিই, তোমার ভেতরের সত্য,

এ তোমার আমার নিয়তি,

যা একটা দানবাকৃতির সাপের মত

পেচিঁয়ে ধরেছে তোমাকে আমাকে,

দংশনের অপেক্ষায় কি তুমি নেই?


আমি অপেক্ষায় থাকার সময়টার অপেক্ষায় আছি,

আমি এক পশলা বৃষ্টির অপেক্ষায় আছি...