এসেছে সোনার রোদ কেটে গেছে কুয়াশা
স্মৃতি হয়ে রয়ে গেছে, মায়াবী গত রাতে
আমার প্রেমের আহবানে তোমার মৌনতা;
তবে কী নীরবে আমারেই ভালোবেসেছিলে ?
প্রেমের কবিতা পড়ে তুমিও কী ছিলে বিরহ কাতর খুব ?
আমায় কাছে না পেয়ে। শীতের রাতে তুষের আগুন জ্বলে
প্রেম যে হায় আমোঘ শক্তিধর, পুড়ে পুড়ে হয় খাঁটি সোনা
অতীত স্মৃতি মন্থনে উদাস প্রেমে বিভোর হয়ে তবে কী
কেটে গেছে গত রাত তোমার?
সকালে সূর্য আজ হেসেছে তাই হতাশার কুয়াশা হয়েছে দূর
তবে কী একান্ত অধিকারে শুধু আমারেই দিলেগো ঠাঁই
তোমার অন্তরে— অতীত গ্লানি ভুলে নিভৃতে নীরবে
তোমার আমার এই যে অপার মিথোজীবিতা
যেন যুগ যুগ ধরে আবহমান বাংলায়
নীরবতায় বলে যায়— নদীর স্রোতের মতো অবিরত।
এই যে মিষ্টি রোদ যেন সাদর সম্ভাষণ জানায় মোদের।
সুস্বাগতম, হে প্রিয়তমা!,
শুভ সকাল হে নিদ্রাহীনা!!
প্রেমের উপদ্রবে তবে কী অপ্রেম হয়েছে দূর?
হে নিঠুরিয়া, তোমার নিঠুর হৃদয় থেকে কী তবে আমার তরে
বিচ্ছুরিত হয়— এমন ভালোবাসার কুসুম কোমল রোদ
তাই কুয়াশা কেটে গেছে আজ প্রভাতে এমন সোনা রৌদ।

